মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশজুড়ে পরিচিত সাবেক পুলিশ কর্মকর্তা শওকত হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
শওকত হোসেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করার পর মানবিক সেবায় পুরোপুরি সময় দেওয়ার লক্ষ্যে তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন।
চাকরি ছাড়ার পর অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, মানবিক ত্রাণ কার্যক্রম এবং সামাজিক সেবামূলক উদ্যোগের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘মানবিক পুলিশ’ নামে আলোচিত হন।
রাজনীতিতে আসার পেছনের উদ্দেশ্য সম্পর্কে শওকত হোসেন বলেন,“আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, এটি মানবিক দায়িত্ব পালনের একটি মাধ্যম। বেওয়ারিশ ও অসহায় মানুষের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থার নিশ্চয়তা দিতে আমি নির্বাচনে অংশ নিচ্ছি।”
তিনি জানান, বাংলাদেশে একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করাই তার দীর্ঘমেয়াদি লক্ষ্য। এর অংশ হিসেবে ইতোমধ্যে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় একটি ‘বেওয়ারিশ ১২০ শয্যার সদর হাসপাতাল’ চালু করা হয়েছে, যেখানে বেওয়ারিশ ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের মতে, মানবিক কর্মকাণ্ড, স্বচ্ছ ভাবমূর্তি এবং সামাজিক গ্রহণযোগ্যতার কারণে নোয়াখালী-৫ আসনে শওকত হোসেন একজন সম্ভাবনাময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতোমধ্যেই আলোচনায় এসেছেন।
