কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্স থেকে মিলেছে ৩৫ বস্তা টাকা। টানা ১৩ ঘণ্টা গণনা শেষে মোট পাওয়া গেছে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
মসজিদ পরিচালনা কমিটি জানায়, দানবাক্সের টাকা গণনায় পাঁচ শতাধিক কর্মী অংশ নেন। এর মধ্যে ছিলেন মসজিদের কর্মচারী, মাদরাসার ছাত্র, ব্যাংক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা। কঠোর নিরাপত্তার মধ্যেই গণনার কাজ সম্পন্ন হয়।
গণনা কার্যক্রম তদারকি করেন জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিরাপত্তার দায়িত্বে ছিল সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা।
নগদ টাকার পাশাপাশি দানবাক্সে সোনা ও রূপার অলঙ্কার এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। এর আগে গত ৩০ আগস্ট দানবাক্স খুলে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া যায়। চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্সে পাওয়া গিয়েছিল ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা।
